
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
বেনাপোল পোর্ট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাদক চোরাচালান ও অপরাধ দমনে কঠোর অবস্থান ঘোষণা করেছেন মুহম্মদ শহীদ তিতুমীর। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে বেনাপোল পোর্ট থানার দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও অপরাধ নির্মূলে বিভিন্ন এলাকায় অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। মাদক ব্যবসায়ী, চোরাচালানি ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন নতুন এই ওসি।

সোমবার (২ নভেম্বর) শার্শা উপজেলা ঐক্য পরিষদের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওসি শহিদ তিতুমীর মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
তিনি আরও জানান, বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক কারবারি ও অপরাধীদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতার আহ্বান জানান তিনি।
নতুন ওসির এমন কঠোর অবস্থান ও উদ্যোগে বেনাপোলের সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের প্রত্যাশা, মাদক ও অপরাধমুক্ত বেনাপোল গড়তে পুলিশের এ কার্যক্রম আরও জোরদার হবে।
আপনার মতামত লিখুন :