যশোর সীমান্তে ২৭ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য আটক


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৪:৪৮ PM / ০
যশোর সীমান্তে ২৭ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য আটক

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎
‎যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৬ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
‎
‎রোববার (১ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বিশেষ টহলদল, মাসিলা ও হিজলী বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
‎
‎জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ১০৯ বোতল নেশাজাতীয় ESCUF SYRUP, ১৪০টি শাড়ি, ৮৯টি কম্বল, ৭০টি চাদর, ৪৫টি জিন্স প্যান্ট, আধা কেজি জিরা, ২৮ প্যাকেট ফুসকা, ৫ কেজি কিসমিস, ৪৩ প্যাকেট কীটনাশক, ১৩৫টি চকলেট এবং ১ হাজার ১১৬টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।