আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ৩:১৫ PM / ০
আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বিজিবি-বিএসএফের বৈঠক অনুষ্ঠিত

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
‎
‎সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


‎
‎মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


‎
‎বৈঠকে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অন্যদিকে, ৭ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং, আইপিএস।


‎
‎বৈঠকে সীমান্ত হত্যা বন্ধসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়।


‎
‎এ সময় উভয় পক্ষ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্ত সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।


‎
সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি বেলা ১টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়।