‎বেনাপোল সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিক্স আটক


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ৫:২৩ PM / ০
‎বেনাপোল সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিক্স আটক

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ
‎
‎যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
‎
‎মঙ্গলবার (৩ নভেম্বর) বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।
‎
‎জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৭০টি শাড়ি, ১১৪টি কম্বল, ৩৪টি চাদর, ৩ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস এবং ১ হাজার ৩৫৮টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।