
সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘদিনের বেহাল সড়ক, খানাখন্দ আর হাওরের ওপর সেতু না থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীপুর ও নামাজগ্রাম এলাকার বাসিন্দাদের।
হাজার হাজার মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আশার আলো দেখা দিয়েছে। সাংবাদিক তামিম হোসেন সবুজের উদ্যোগ এবং শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের আন্তরিক সহযোগিতায় সড়কটি সংস্কারের উদ্যোগ এগিয়ে যাচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দরের ২ নম্বর গেটের সামনে গোলদার মসজিদসংলগ্ন এলাকা থেকে গাজীপুর ও নামাজগ্রাম সংযোগকারী সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ পথ দিয়ে প্রায় ৮ থেকে ১০ হাজার কর্মজীবী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারী যাতায়াত করেন।
কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন অংশ। এর ওপর সড়কের মাঝখানে অবস্থিত হাওরের ওপর সেতু না থাকায় যাতায়াতে বাড়তি ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে।
বিশেষ করে বর্ষা মৌসুমে হাওরের পানি বৃদ্ধি পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। জরুরি রোগী পরিবহন, ভ্যান-রিকশা চলাচল এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও সৃষ্টি হয় নানা প্রতিবন্ধকতা। অনেক ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হতে হয় স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এ সমস্যা নিরসনের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।
এ অবস্থায় জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে সড়ক সংস্কার ও হাওরের ওপর নতুন সেতু নির্মাণের দাবিতে উদ্যোগী হন সাংবাদিক ও স্থানীয় বাসিন্দা মো. তামিম হোসেন সবুজ।
তিনি এলাকাবাসীর পক্ষে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। আবেদনে বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীপুর ও নামাজগ্রাম সংযোগ সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার এবং হাওরের ওপর একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সম্প্রতি সাংবাদিক তামিম হোসেন সবুজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের সঙ্গে সাক্ষাৎ করে সড়কটির বেহাল অবস্থা, জনদুর্ভোগ এবং সেতু না থাকায় সৃষ্ট সমস্যাগুলো তুলে ধরেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁর এ উদ্যোগে দীর্ঘদিনের অবহেলিত সড়কটির সংস্কার নিয়ে এলাকাবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু হলে হাজার হাজার মানুষের প্রতিদিনের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি হাওরের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে গাজীপুর ও নামাজগ্রামসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান ঘটবে।
এলাকাবাসীর মতে, জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা চিহ্নিত করে তা প্রশাসনের নজরে আনা এবং সমাধানে ভূমিকা রাখা সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে সাংবাদিক তামিম হোসেন সবুজের এ উদ্যোগ প্রশংসনীয়। একই সঙ্গে জনদুর্ভোগ নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদের আন্তরিক উদ্যোগও স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি করেছে।
তবে এলাকাবাসীর দাবি, শুধু
সড়ক সংস্কার নয়, হাওরের ওপর নতুন সেতু নির্মাণের বিষয়টিও যেন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। কারণ, সেতু ছাড়া সড়কের পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়। তাই জনস্বার্থে দ্রুত সড়ক সংস্কার এবং সেতু নির্মাণের কার্যকর পদক্ষেপ চান তাঁরা।
আপনার মতামত লিখুন :